প্রকাশিত:
২৬ জানুয়ারী, ২০২৬

এই চালানটি এক লাখ ৭৩ হাজার মেট্রিক টনের বেশি গম আমদানির অংশ। সমঝোতা অনুযায়ী, ২০৩০ সাল পর্যন্ত বাংলাদেশ প্রতিবছর যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ ৭ লাখ মেট্রিক টন গম ক্রয় করবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গমের এই চালান আসা উপলক্ষে সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
এ সময় চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান ও খাদ্য সচিব ফিরোজ সরকার উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের অধীনে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক পণ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান এগ্রোকর্প–এর মাধ্যমে তিনটি বিক্রয় চুক্তিতে বাংলাদেশ আনুমানিক ৬ লাখ ৬০ হাজার মেট্রিক টন গম ক্রয় করেছে। এর মধ্যে ইতোমধ্যে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন গম সরবরাহ করা হয়েছে।